সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি এখন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তার আওতায় থাকবেন।
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। প্রজ্ঞাপনে খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
গুরুতর অসুস্থ খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার মধ্যরাতের পর তাঁকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাঁকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।